ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার দুপুর ২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
এ আসনটিসহ ৪টি আসন জোটমিত্র জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে জোটের প্রার্থী হলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
এদিকে মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এ পরিকল্পনায় আমার বাবা (অলি আহাদ) ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। রাব্বুল আলামিন কী অদ্ভূত পরিকল্পনা ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পরিকল্পনা মানুষের বোঝার বাইরে।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে রুমিন ফারহানা আরও বলেন, আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটা আশা, ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। মানুষ যে ভালোবাসা এবং আস্থা আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।
এসময় বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
এর আগে এ আসনে জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে নিয়ে তার মনোনয়ন পত্র জমা দেন।
