‘জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন’ সেনাসদস্যদের ডা. খালিদুজ্জামান
তারেক রহমানের জন্য জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছে বলে সেনাসদস্যকে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে এই কথা বলতে শোনা গেছে।
ভিডিও থেকে জানা যায়, গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পার হতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়িয়েছেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
ভিডিওতে দেখা যায়, খালিদুজ্জামান যখন ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন তার পরিচয় জানতে চাওয়া হয়। এ সময় প্রার্থীর সঙ্গে থাকা একজন বলেন, ‘ভাই উনি হলেন এই আসনের এমপি ক্যান্ডিডেট। ঠিক আছে?’
কোন দলের স্যার? এমন প্রশ্ন রাখেন ক্যান্টনমেন্টে প্রবেশপথে থাকা সেনাসদস্য। তখন জবাবে বলা হয়, জামায়াতে ইসলামীর।
সেনাসদস্য বলেন, ‘বুঝতে পেরেছি স্যার। আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গান নিয়ে…।’ খালিদুজ্জামান বলেন, ‘আপনারা তো গান নিয়ে বসে আছেন। তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন। আমরা কেন যেতে পারব না…।’
প্রার্থী বলেন, ‘আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। পরিকল্পিতভাবে ধ্বংস করছেন। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করছেন। প্রয়োজনে আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলব।’
পরে এমপি পদপ্রার্থী ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলতে চান। খালিদুজ্জামান সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যকে বলেন, আমার সঙ্গে (ঊর্ধ্বতনের) কথা বলিয়ে দেন।’
এরপর এমপি পদপ্রার্থীর কাছে মোবাইলটি দেওয়া হয়। খালিদুজ্জামান ফোনের অপরপ্রান্তে থাকা কর্মকর্তাকে বলেন, ‘আমি এএম খালিদুজ্জামান ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী। আমি সেনাপ্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে কথা বলতে চাই। নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিয়েছে গানম্যান। আবার আপনি আমাকে যেতে দেবেন না কেন?
শেষে জামায়াত প্রার্থী বলেন, ‘এখন আমি বাইরে গিয়ে কী করব। ব্যাক করে দেন। আমি চলে যাই।’ এরপর ওই জামায়াত প্রার্থী গাড়িতে উঠে চলে যান।
