অষ্টগ্রামে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী খোরশেদ গ্রেফতার
কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ খোরশেদ খাঁ (৫২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন উত্তর আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া খোরশেদ খাঁ (৫২) উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তার নামে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডসহ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন উত্তর আব্দুল্লাহপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা। এই সময় খোরশেদ খাঁকে (৫২) আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে বাথরুমের ভেতর থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ১৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে অষ্টগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় খোরশেদ খাঁ (৫২) এর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
