হোসেনপুরে আসামি নিয়ে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নজরুল নিহত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পলাতক আসামিকে গ্রেফতার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নজরুল ইসলাম (৫০) হোসেনপুর থানার কনস্টেবল ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রয়ারি) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকা হয়ে আসামি নিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে থানায় ফিরছিলেন কনস্টেবল নজরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। এই সময় পুলিশের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম ও পুলিশ সদস্যরাসহ অন্যান্যরা আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত কনস্টেবল নজরুল ইসলামকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার (১৫ ফেব্রয়ারি) সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার (নজরুল ইসলাম) মৃত্যু হয়। আহত পুলিশ সদস্যরাসহ অন্যান্যরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
