তারেক রহমানকে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্টমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার। মঙ্গলবার বিকেলে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান। একইসঙ্গে মন্ত্রি পরিষদের সদস্য বৃন্দ, ও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সকল সংসদ সদস্যদেরও আন্তরিক অভিনন্দন জানান জাতীয় পার্টির নেতারা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ হিসেবে অভিহিত করে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে ও সুরক্ষিত থাকবে সার্বভৌমত্ব। একইসঙ্গে দেশে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছে। যেখানে সকল দলমতের মানুষ নির্বিঘ্নে তাদের মতামত প্রদান করতে পারবে।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার বিবৃতিতে আরো বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে কাজ করবেন।
একই সঙ্গে দেশের আপামর জনসাধারণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্টায় সক্রিয় থাকবেন তিনি।
