বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত, শাজাহানপুরে সড়ক অবরোধ
বগুড়ায় মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত হয়েছেন। এরা হলেন- চামেলি খাতুন(৩৫) ও নাসিমা বেগম(৩৮)। এর মধ্যে চামেলি খাতুন (৩৫) নিহত হওয়ার ঘটনায় বিক্ষুদ্ধ লোকজন শাজাহানপুর উপজেলার বেতগাড়ি লিচুতলা মোড় এলাকায় সড়ক অবরোধ করে। এলাকাবাসী সেখানে একটি ফ্লাইওভার নির্মানের দাবি জানায়। অপর দুর্ঘটনা ঘটে শুক্রবার বগুড়ার মাটিডালি এলাকায়। স্বামীর সঙ্গে সন্তানকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় অপর গৃহবধু প্রান হারান।
পুলিশ জানায় বুধবার বিকালে শাহাজানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে ধাক্কা দিলে একই পরিবারের ৩ জন সহ ৪ জন আহত হন। এদের মধ্যে গৃহবধু চামেলি বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত তার দুই বছরের শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান হয়। গৃহবধুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুদ্ধ লোকজন সকাল ১০টার দিকে বেতগাড়ি লিচুতলা মোড় এলাকায় অবরোধ করে। অবরোধের সময় মহাসড়কের দু পাশের্^ শত শত যানবাহন আটকা পড়ে। এসময় ওই সড়ক দিয়ে ঢাকা থেকে ফেরার পথে বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনের নব নির্বাচিত এমপি মোঃ মোশারফ হোসেন দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিশুর জন্য আথির্ক সহায়তা প্রদান করেন। প্রায় ১ ঘন্টা ধরে এই অবরোধ চলার পর তা প্রত্যাহার হয় বলে শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন। অপর দিকে শুক্রবার বিকালে মাটিডালি এলাকায় বগুড়ার চিঙ্গাশপুর এলাকার আলমগীর তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তারা হাসপাতালে তাদের এক অসুস্থ্য আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন। পথে মাটিডালি এলাকায় রাস্তার পার হওয়ার সময় মহাস্থানের দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাক গৃহবধু নাসিমাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। চোখের সামনে স্ত্রীর এই মৃত্যু দেখে তার স্বামী অপ্রকৃতস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে পাঠান হয়। তবে দুর্ঘটনায় গৃহবধুর স্বামী ও সন্তান আহত হননি বলে বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাড়ি জানিয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
