মাদারগঞ্জ সড়কে অনুমোদনহীন গাড়ী কেড়ে নিল একটি নিস্পাপ শিশুর প্রাণ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আজ সকালে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জাহিল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। জামালপুর-মাদারগঞ্জ এর আঞ্চলিক মহাসড়কের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিল জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন- নিহতের মা বিথী (৩৬), উপজেলার জোনাইল ফকিরবাড়ি এলাকার ওয়াজেদ আলীর স্ত্রী সামিরা (৫৫) ও একই এলাকার মিজানুরের স্ত্রী সেলিনা (২৬)। তাদের মধ্যে গুরুতর আহত বিথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দু’জনকে চিকিৎসা নিতে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশু জাহিলকে মৃত ঘোষণা করেন।
গতকাল ২৩ ফেব্রুয়ারি, সোমবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় বিথীর মামাতো বোন খুশি মারা যায়। তাকে শেষবারের মত দেখার জন্য জামালপুর থেকে সিএনজিযোগে যাচ্ছিলেন বিথী ও তার ছেলে জাহিল। পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন তারা।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার আবু রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জাহিল নামে এক শিশু হাসপাতালে আনার আগেই মারা যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দু’জনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহিন্দ্র ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
