আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে শবনম ফারিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর একটি মাদকবিরোধী বিশেষ অভিযান ভাইরাল হলে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।
মাদকবিরোধী অভিযানের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিযান চলাকালে এক কিশোরকে চড় মারছেন এক পুলিশ সদস্য। ঘটনাটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান ফারিয়া।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফারিয়া ভেরিফায়েড ফেসবুকে ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার করেন। নিজের মতামত জানিয়ে লেখেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলেও গায়ে হাত তোলা গ্রহণযোগ্য নয়। ক্ষমতার অপব্যবহার দেশের আইনশৃঙ্খলার ওপর মানুষের আস্থা নষ্ট করে দেয়।
অভিনেত্রী আরও বলেন, নাগরিক হিসেবে মানুষ আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান ও বিশ্বাস করতে চায়। তাদের প্রত্যাশা, এ বাহিনী সত্যিকার অর্থেই জনসেবায় নিয়োজিত থাকবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেয়ার পাশাপাশি সম্মানও করতে হবে আশা ব্যক্ত করেন এই অভিনেত্রী।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয়েছেব্যাপক আলোচনা-সমালোচনা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত ওই অভিযানে এক কিশোরকে চড় মারার মুহূর্ত ভাইরাল হলে নেটিজেনদের একাংশ এতে ক্ষোভ প্রকাশ করে।
