হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

Oplus_131072
শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ মিয়া (২২) নামে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলিয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শুভ মিয়া (২২) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলিয়ারচর গ্রামের সৌদি প্রবাসী মো. সাদেকুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজানের তারাবির নামাজের সময় বিভিন্ন বাড়ির টিনের চালে ইট ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে আসছে কয়েকজন বখাটে যুবক। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে এলাকার রিয়াদ (২২) ও তার কয়েকজন সহযোগী মিলে বিভিন্ন বাড়ির পাশাপাশি শুভ মিয়ার বাড়িতেও ইট নিক্ষেপ করে। এতে শুভ মিয়া ও তার ফুফাতো ভাই এনামুল প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্থানীয় বোয়ালিয়ার চর জামে মসজিদের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষের একপর্যায়ে শুভ মিয়াকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় শুভ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত