ভৈরবে বাজার পরিদর্শনে বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জের ভৈরবে বাজার পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ভৈরব বাজারের বিভিন্ন নিত্যপণ্য জিনিসপত্রের দোকান পরিদর্শনে যান তিনি।
এই সময় তিনি বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান দরদাম ও সরবরাহ পরিস্থিতির খোঁজ নেন।
এই সময় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ভৈরব বাজারে সকল জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে পুরো রমজান মাসব্যাপী বাজার নিয়মিত মনিটরিং চলব, যেন অসাধু ব্যবসায়ীরা কোনো জিনিসপত্রে দাম বাড়াতে না পারে। এছাড়া কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ৫টি ট্রাকে টিসিবির পণ্য দরিদ্র মানুষের কাছে ন্যায্য দামে বিক্রি করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাজার স্থিতিশীলতা রাখতে টিসিবির পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। কোনো পণ্যের ঘাটতি নেই। তবে রমজানের শুরুর দিকে কয়েকটি নিত্যপণ্যে দাম কিছুটা বেড়েছিল। এখন বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন-ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম মামুনুর রশীদ ও ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকদসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচর উপজেলাসহ কিশোরগঞ্জে এসেছেন।
