কিশোরগঞ্জে বাণিজ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

শেয়ার করুন

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

রোববার (১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।

মতবিনিময় সভায় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, নরসুন্দা কিশোরগঞ্জের প্রাণ। এই প্রাণকে বাঁচাতে কোনো আপস হবে না। নদী দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যারা নদীর জায়গা দখল করে আছেন, তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এই নদীকে তার স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা হবে।

যারা নদী দখল করে অবৈধভাবে বড় দালাল নির্মাণ করেছে তাদেরকে অবিলম্বে সরে যাওয়ার ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের সদস্য সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ।

মতবিনিময় সভা শেষে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম কিশোরগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কাযর্ক্রম পরিদর্শন করেন। এই সময় তিনি জেলা শহরের কাচারি বাজারে বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, আলুসহ নিত্যপণ্যের বর্তমান দরদাম ও সরবরাহ পরিস্থিতির খোঁজ নেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচর উপজেলাসহ কিশোরগঞ্জে এসেছেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত