পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে রমিজ উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন (৪০) পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) ভোরে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এই সময় গরু চুরির বিষয়টি টের পেয়ে একটি গরুসহ রমিজ উদ্দিনকে আটক করে স্থানীয় লোকজন। পরে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে রমিজ উদ্দিনকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তার (রমিজ উদ্দিন) মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গরুসহ রমিজ উদ্দিনের লাশ উদ্ধার করে পাকুন্দিয়া থানায় নিয়ে যায়।
এই বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
