কিশোরগঞ্জে সব টেলিভিশনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচারের দাবি
জাতীয় সংসদের প্রথম অধিবেশন দেশের সব টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছে কিশোরগঞ্জ সম্মিলিত ছাত্র ঐক্য।
এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লার মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মো. জগলুল হাসান চয়ন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল করিম নওশাদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সালমান সাকিব, জুলাই ওয়ারিয়র্স-এর সংগঠক সোহাস হাসান, জেলা ছাত্র মজলিসের বাইতুল মাল সম্পাদক বরকতউল্লা, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুদাসির তুসিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
স্মারকলিপি প্রদান শেষে কিশোরগঞ্জ সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মো. জগলুল হাসান চয়ন জানান, সংসদ জনগণের সম্পদ। সেখানে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং জনগণের প্রতিনিধিরা মতামত দেন। জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানের কার্যক্রম জনগণের সামনে উন্মুক্ত থাকা প্রয়োজন। তাই আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও সংসদের অধিবেশন সরাসরি সম্প্রচারের উদ্যোগে সম্পৃক্ত হোক।
