সৌদি আরবে বজ্রাঘাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারের পাশে ইউএনও

শেয়ার করুন

সৌদি আরবে বজ্রাঘাতে নিহত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার প্রবাসী মো. রাসেল মিয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

‎শনিবার (১৪ মার্চ) দুপুরে হোসেনপুর পৌরসভার পশ্চিম ধুলজুরী এলাকার নিহত প্রবাসী রাসেল মিয়ার বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা। এই সময় তিনি নিহত রাসেল মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি রাসেল মিয়ার পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী, জামাকাপড় ও নগদ অর্থ বিতরণ করেন।
‎এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) সৌদি আরবে কর্মস্থলে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে রাসেল মিয়ার মৃত্যু হয়। মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে তার স্ত্রী ও চার সন্তান।‎

ঈদ উপহার পেয়ে নিহত রাসেলের স্ত্রী শাহানাজ জানান, পরিবারের দুর্যোগ সময়ে ইউএনও স্যার যে সহযোগিতা করেছে, তাতে আমি অনেক খুশি হয়েছি।

এই বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, রাসেল মিয়ার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকার চেষ্টা করবে। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। এছাড়া নিহতের লাশ দেশে ফেরত আনার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করা হবে।


শেয়ার করুন

এই সম্পর্কিত