কিশোরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ী সুমন খুন
কিশোরগঞ্জে জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে সুমন মিয়া (৪২) নামে এক কাঁচামাল ব্যবসায়ী খুন হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া (৪২) কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া পশ্চিমপাড়া এলাকার রহিম বাদশার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া পশ্চিমপাড়ায় ১০/১২ দিন আগে জমি নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার (৫০) বাগবিতণ্ডা হয়। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে সিরাজুলের ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা করেন। এই সময় পরিস্থিতি শান্ত করতে এবং দুলালকে বাঁচাতে এগিয়ে আসেন বড় বাজারের ব্যবসায়ী প্রতিবেশী সুমন। তখন ব্যবসায়ী সুমন ও দুলালকে ছুরিকাঘাত করেন রুবেল। এতে সুমন ও দুলাল দুইজনেই রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বিকেলে অভিযুক্ত রুবেল মিয়াকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
এই বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
