ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় নিহত ৩ আহত ৯
পরিবারের জন্য ঈদের নতুন পোশাক আর উপহার নিয়ে বাড়ি ফেরার পথে চুরমার হয়ে গেল সব স্বপ্ন। ঈদ আনন্দ ভাগাভাগি করার বদলে একটি পরিবারের কাছে পৌঁছে গেল স্বজনের নিথর দেহ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৯ জন।
নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং ড্রাইভার রিন্টু (৪৭)। আহতরা হলেন শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)। নিহত ও আহতরা রংপুর জেলার তালুজ শাহবাগ ও রংপুর কাউনিয়া এলাকার বাসিন্দা।
শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রীভর্তি একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১৯-৩০৪১) ঈদের ছুটিতে উত্তরবঙ্গের রংপুরের দিকে যাচ্ছিল। পতিমধ্যে মহাসড়কের বগুড়ার শেরপুর ছোনকা এলাকায় পৌঁছালে মাইক্রোবাস চালকের ঘুম ঘুমভাব হলে মহাসড়কের ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা মাইক্রোবাসের যাত্রীদের বের করার পরপরই হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান ড্রাইভার।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনসহ মোট ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, নিহত ও আহতদেরর বাড়ি রংপুর শাহবাগ ও কাউনিয়া এলাকায়।
