সেতুতে গাড়ি বিকল, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

শেয়ার করুন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় প্রায় ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পর্যন্ত যমুনা সেতু পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল সদরের আশেকপুর বাইপাস পর্যন্ত এই স্থবিরতা বজায় রয়েছে।

উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের এক যাত্রী জানান, আশেকপুর বাইপাস থেকে এলেঙ্গার পৌলি পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা আসতে তাদের দেড় ঘণ্টা সময় লেগেছে। এ অবস্থা চলতে থাকলে সেতু পর্যন্ত পৌঁছাতেই তাদের আরও চার-পাঁচ ঘন্টা সময় লেগে যেতে পারে বলে জানান তিনি।

তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। বিশেষ করে বেশি সমস্যায় পড়েছে মহিলা ও শিশুরা। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকায় টয়লেট ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা না পেয়ে চরম অস্বস্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ঢাকা-টাংগাইল-যমুনা সেতু মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পরেছে ঈদে বাড়ি ফেরা হাজারও মানুষ। ছবি:ইত্তেফাক

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ হোসেন বলেন, যানবাহনের অতিরিক্ত চাপ, সেতুতে টোল আদায়ে ধীর গতি, মাঝ পথে গাড়ি বিকল হয়ে যাওয়া, নিয়ম ভঙ্গ করে পার্শ্ব রাস্তাগুলিতে বড় গাড়ির চলাচলসহ বিভিন্ন কারণে যানজট সৃষ্টি হচ্ছে। তবে দুপুরের পর যানজট কমে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে গত রাত ১২ টা পর্যন্ত সেতু দিয়ে ২৪ ঘণ্টা মোট ৫১ হাজার ৫৮৪ টি ছোটবড় যানবাহন পার হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এ থেকে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লক্ষ ৮২ হাজার ৬০০ টাকা।


শেয়ার করুন

এই সম্পর্কিত