বিধ্বস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

ইরানের আকাশে ভূপাতিত একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। বিভিন্ন সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে, শুক্রবার ইরানের পশ্চিমাঞ্চলের কোহগিলুইয়ে ও বয়ের-আহমদ প্রদেশে উদ্ধার অভিযান চালায় যুক্তরাষ্ট্র। তবে তারা ব্যর্থ হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি দাবি করেছে, পাইলটকে উদ্ধারের জন্য ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হলেও এখন পর্যন্ত কোনো সফলতা আসেনি। ধারণা করা হচ্ছে, পাইলট ইরানের ভেতরেই অবতরণ করেছেন।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা আরেকটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তাদের মতে, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়ে।
তবে এই ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি পরিস্থিতি সামাল দিতে বিকল্প কোনো তথ্য বা ব্যক্তি সামনে আনা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

এই সংঘাতে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন ঘাঁটিতে আঘাত হেনেছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত