নিকলীতে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে খুন!
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে আবির হাসান (১৮) নামে এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) আবির হাসানের বাবা মো. সিদ্দিক মিয়া বাদী হয়ে মাহমুদুল হাসান রিয়ান (২০) এবং তার স্ত্রী কেয়া আক্তারসহ (১৮) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের হংডাইল হাওরে শাহাবুদ্দিনের ভুট্টাক্ষেতে আবির হাসানের লাশের অংশ কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবির হাসান (১৮) উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া উত্তরপাড়ার মো. সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হন আবির হাসান (১৮)। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার বাবা মো. সিদ্দিক মিয়া নিকলী থানায় গত ১৩ মার্চ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার আগে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের হংডাইল হাওরে শাহাবুদ্দিনের ভুট্টাক্ষেতে একটি লাশের অংশ কঙ্কাল (হাড়গোড় ও মাথার খুলি) পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে সেখানে পুলিশ যায়। লাশের কোনো মাংস অবশিষ্ট ছিল না, তবে পরনের কাপড় দেখে নিখোঁজ আবিরের পরিচয় শনাক্ত করেন তার বাবা সিদ্দিক মিয়া।
এদিকে এই ঘটনায় নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রাম থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা-হলেন ভাটিবরাটিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রিয়ান (২০) এবং তার স্ত্রী কেয়া আক্তার (১৮)। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আবির হাসান প্রায়ই তার বন্ধু মাহমুদুল হাসান রিয়ানের বাড়িতে আসা-যাওয়া করতেন। এই কারণে মাহমুদুলের স্ত্রীর সঙ্গে আবিরের সখ্য নিয়ে এলাকায় গুঞ্জন তৈরি হয়। পরবর্তীতে গত ৯ মার্চ বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হন আবির হাসান (১৮)। নিখোঁজের ২৪ দিন পর বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের হংডাইল হাওরে শাহাবুদ্দিনের ভুট্টাক্ষেতে আবির হাসানের লাশের অংশ কঙ্কাল উদ্ধার হয়। এই ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) আবির হাসানের বাবা মো. সিদ্দিক মিয়া বাদী হয়ে মাহমুদুল হাসান রিয়ান (২০) এবং তার স্ত্রী কেয়া আক্তারসহ (১৮) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এই বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া দুই আসামিকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে।
