উচ্ছেদ না পুনর্বিন্যাস-রাষ্ট্র কি কর্মসংস্থানের দায় এড়িয়ে যেতে পারে?

শেয়ার করুন

বর্তমান বাস্তবতায় দেশে পরিচালিত উচ্ছেদ অভিযানকে ঘিরে যে প্রশ্নটি সবচেয়ে জোরালোভাবে সামনে এসেছে, তা হলো—এটি কি সত্যিই এই মুহূর্তের অগ্রাধিকার ছিল? নাকি একটি প্রশাসনিক পদক্ষেপ, যা পরিকল্পনার ঘাটতি ও বাস্তবতার সাথে অসামঞ্জস্যের কারণে নতুন সংকট তৈরি করছে? রাষ্ট্রের প্রধান দায়িত্ব শুধু শৃঙ্খলা প্রতিষ্ঠা নয়; সেই শৃঙ্খলা যেন মানুষের জীবিকা, সামাজিক স্থিতি ও অর্থনৈতিক প্রবাহকে ধ্বংস না করে—সেটিও নিশ্চিত করা। এই জায়গাতেই বর্তমান উদ্যোগ নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে।

উচ্ছেদ অভিযান কখনোই স্বয়ংসম্পূর্ণ সমাধান নয়; এটি কেবল একটি উপায়, যার সাথে সমান্তরালে থাকতে হয় বিকল্প পরিকল্পনা, পুনর্বাসন, এবং কর্মসংস্থানের নিশ্চয়তা। অন্যথায়, এটি হয়ে ওঠে গরিব মানুষের জীবিকার ওপর সরাসরি আঘাত। যখন একটি রাষ্ট্র নিজেই কর্মক্ষম মানুষকে কর্মহীন করে ফেলে, তখন সেই রাষ্ট্রের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। কারণ অর্থনৈতিক বাস্তবতায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানি বা অস্থায়ী কাঠামোর উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ কেবল অবৈধ দখলদার নয়—সে অর্থনীতির একটি জীবন্ত অংশ।
বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় যে অভিজ্ঞতা দেখা গেছে, তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। ভারতের দিল্লিতে রাস্তা দখলমুক্ত করতে গিয়ে বহুবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, পুনর্বাসন পরিকল্পনা ছাড়া উচ্ছেদকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়েছে। কারণ আদালত বুঝেছে, নগর ব্যবস্থাপনা শুধুমাত্র জায়গা খালি করার বিষয় নয়; এটি মানুষের জীবনযাত্রা পুনর্বিন্যাসের একটি জটিল প্রক্রিয়া। একইভাবে ব্রাজিলের সাও পাওলোতে বস্তি উচ্ছেদের করে সরকার বাধ্য হয়েছে বিকল্প আবাসন এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে, নইলে সামাজিক অস্থিরতা বেড়ে যেতো বহুগুণ।

বাংলাদেশের বাস্তবতায়ও প্রশ্নটি একইভাবে প্রযোজ্য। উচ্ছেদ অভিযান যদি করতেই হয়, তাহলে তার আগে প্রয়োজন সুস্পষ্ট ঘোষণা, পর্যাপ্ত সময় প্রদান এবং সর্বোপরি একটি ডাটা-ভিত্তিক পরিকল্পনা। কারা উচ্ছেদ হবে, তাদের সংখ্যা কত, তাদের পুনর্বাসন কোথায় হবে—এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া অভিযান পরিচালনা মানে অন্ধভাবে একটি সংকট তৈরি করা। আরও গুরুত্বপূর্ণ হলো—এই পুনর্বাসন প্রক্রিয়া যেন দলীয় বা ব্যক্তিগত বিবেচনায় পরিচালিত না হয়, বরং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ কাঠামোর মাধ্যমে বাস্তবায়িত হয়।

অতীতের অভিজ্ঞতাও এখানে উপেক্ষা করা যায় না। অপারেশন ক্লিন হার্টের মতো উদ্যোগগুলো রাজনৈতিকভাবে যে ক্ষতির কারণ হয়েছে, তা এখনো প্রাসঙ্গিক। প্রশাসনিক পদক্ষেপ যদি জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করতে ব্যর্থ হয়, বরং ভীতি ও ক্ষোভ তৈরি করে, তাহলে সেই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে রাজনৈতিক দলের জন্যই বোঝা হয়ে দাঁড়ায়। ইতিহাস বারবার দেখিয়েছে—রাষ্ট্রীয় শক্তি দিয়ে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হলেও, জনগণের সমর্থন ছাড়া সেই নিয়ন্ত্রণ টেকসই হয় না।

রাজনৈতিক বাস্তবতায় একটি বড় দল হিসেবে বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত নিজেদের সাংগঠনিক শক্তি পুনর্গঠন এবং বাস্তব সমস্যাগুলো মোকাবিলা করা। একটি দল যদি তৃণমূলের বাস্তবতা, দুঃসময়ের কর্মীদের ত্যাগ এবং মাঠপর্যায়ের তথ্য উপেক্ষা করে কেবলমাত্র সীমিত কিছু সংযোগ বা প্রভাবশালী গোষ্ঠীর ওপর নির্ভর করে, তাহলে সেটি দীর্ঘমেয়াদে একটি আমলাতান্ত্রিক ফাঁদে আটকে পড়বে—যার মূল্য দিতে হবে সাধারণ কর্মীদেরই।

বর্তমান যুগ তথ্যনির্ভর। যে দল তার কর্মীদের, সমর্থকদের এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণ করতে পারে না, সে দল বাস্তবতার সাথে সংযোগ হারায়। ফলে সিদ্ধান্তগুলো হয়ে ওঠে বিচ্ছিন্ন এবং অনেক ক্ষেত্রে আত্মঘাতী। একটি আধুনিক রাজনৈতিক দলের জন্য তাই প্রয়োজন ডাটা-ড্রিভেন পরিকল্পনা, যেখানে প্রতিটি পদক্ষেপের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব আগে থেকেই বিশ্লেষণ করা হবে।

উচ্ছেদ অভিযান যদি চলমান ইস্যু হিসেবেই থাকে, তবে সেটিকে অবশ্যই একটি ব্যবসাবান্ধব, মানবিক এবং পরিকল্পিত কাঠামোর মধ্যে আনতে হবে। অন্যথায় এটি দুর্বৃত্তায়নের সুযোগ তৈরি করবে এবং শেষ পর্যন্ত দায় এসে পড়বে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির ওপরই। রাষ্ট্রের দায়িত্ব শাস্তি দেওয়া নয়, বরং শৃঙ্খলা ও মানবিকতার মধ্যে একটি ভারসাম্য তৈরি করা।

সবশেষে, একটি বিষয় বলা যায় উচ্ছেদ নয়, প্রয়োজন পুনর্বিন্যাস, প্রয়োজন দূরদর্শিতা। আর রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—তাৎক্ষণিক সিদ্ধান্তের ফাঁদে না পড়ে, দীর্ঘমেয়াদি জনস্বার্থকে সামনে রেখে পথ চলা। কারণ জনগণকে সঙ্গে নিয়েই রাষ্ট্র টিকে থাকে; তাদের বিপরীতে দাঁড়িয়ে নয়।

মো: হাফিজ আল আসাদ ,রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক ।


শেয়ার করুন

এই সম্পর্কিত