হোসেনপুরে খাল খনন কাজ উদ্বোধন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে সোয়া ২ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের একটি খাল খননের কাজ শুরু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ‘সৈয়দপুর হতে লাখুহাটি হয়ে পানান বিল পর্যন্ত খাল খনন’ প্রকল্পটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
‘সৈয়দপুর হতে লাখুহাটি হয়ে পানান বিল পর্যন্ত খাল খনন’ প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
খাল খনন কাজ উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজাবে রহমত, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন, জেলা কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. খাদেমুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট মনিরুল হক রাজন, হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
