করিমগঞ্জে বিএনপি নেতার দোকান থেকে ভিজিএফের চাল উদ্ধার

শেয়ার করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপির এক নেতার দোকান থেকে ভিজিএফের ৯ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা সাইফুল ইসলাম মানিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ মে) দিনগত রাত ১০টার দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোর্ডবাজার এলাকার একটি দোকানঘরে অভিযান চালিয়ে এইসব চাল উদ্ধার করা হয়।

অভিযুক্ত সাইফুল ইসলাম মানিক উপজেলার নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হয়। তবে একটি চক্র এইসব চাল আত্মসাতের উদ্দেশ্যে গোপনে দোকানঘরে মজুদ করে রাখে| এই তথ্যের ভিত্তিতে বুধবার (২০ মে) রাত ১০টার দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোর্ডবাজার এলাকার একটি দোকানঘরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা এবং সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ বস্তা চাল উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালত সাইফুল ইসলাম মানিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে অভিযুক্ত সাইফুল ইসলাম মানিক জরিমানার অর্থ পরিশোধ করেন। উদ্ধারকৃত চাল করিমগঞ্জ উপজেলা পরিষদের হাফিজিয়া মাদরাসার এতিম শিশুদের খাবারের জন্য হস্তান্তর করা হয়েছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত