কুলিয়ারচরে মসজিদের ভিতর ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, ইমাম আটক

শেয়ার করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মসজিদের ভেতর সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ওই মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

আটক হওয়া ইমামের নাম হাফেজ মো. মাহাবুব ওরফে মাহাবুল্লাহ (২৩)। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মাদরাসা থেকে হাফেজি পড়ালেখা সম্পন্ন করেন মো. মাহাবুব ওরফে মাহাবুল্লাহ (২৩)। এরপর গত এক মাস ধরে তিনি উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে আসছিলেন। রোববার (২৪ মে) দুপুরে ইমামের জন্য খাবার নিয়ে মসজিদে যায় ভুক্তভোগী শিশুটি। এই সময় মসজিদের ভেতরেই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন ওই ইমাম। পরে শিশুটি মসজিদ থেকে বেরিয়ে এসে বিষয়টি স্থানীয় লোকজনদের জানালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইমাম মাহাবুব ওরফে মাহাবুল্লাহকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমাম মাহাবুব ওরফে মাহাবুল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ইমাম মাহাবুব ওরফে মাহাবুল্লাহ’র দ্রুত বিচারের দাবি জানান।

এই প্রসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাহাবুব ওরফে মাহাবুল্লাহকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত