কলাপাড়ায় ছাত্রদলের সন্ত্রাসী হামলায় আজকের পত্রিকার সাংবাদিক মূমূর্ষ অবস্থায় হাসপাতালে

শেয়ার করুন

পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক মোয়াজ্জেম হোসেন (৪০) এর উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ছাত্রদল। শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর পর আহত সাংবাদিককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । আহত সাংবাদিক মোয়াজ্জেম বর্তমানে বরিশালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জাতীয় দৈনিক আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি ও নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন বলেন, রাত আটটার দিকে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে বসেছিলেন তিনি। এসময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক বেল্লালের নেতৃত্বে ৭/৮ জন ছাত্রদল নেতাকর্মীরা তার উপর দু’দফা অর্তকিত হামলা চালায়।

এর আগে গত ২১ জুন শহরের বাদুরতলি স্লুইজ এলাকায় তার বোনের বসতবাড়িতে হামলায় ঘটনায় সংবাদ প্রকাশের জেরে তার উপর এ সন্ত্রাসী হামলা চালানো হয় বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

কলেজ ছাত্রদলের সম্পাদক বেল্লালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলএলবি পরীক্ষায় অংশ নিতে সারাদিন বরিশালে ছিলেন। সন্ধ্যার পর এলাকায় ফিরে এসে ঘটনাটি সম্পর্কে জানতে পারি।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জাকারিয়া আহমেদ বলেন, বিষয়টি দুঃখজনক। তাঁরা ঘটনাটির খোঁজখবর নিচ্ছেন এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নিতে কাল রাতেই উপজেলা বিএনপি’র সভা শেষে জেলা ছাত্রদলকে বলা হয়েছে ।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।


শেয়ার করুন

এই সম্পর্কিত