কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার

শেয়ার করুন

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান (৫) নামে এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে।
জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুর আনুমানিক ১টা থেকে ৫ বছরের জাহিদ হাসানকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

গতকাল সকাল আনুমানিক ৯টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদের ঘাটে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন শিশুটির মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহা. নাজমুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে শিশুটির বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মোবাইল-৪ ডিউটিতে থাকা আমি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করি।”

শিশুটি কীভাবে নিখোঁজ হয়েছিল এবং নদে কীভাবে গেল—এ বিষয়ে জানতে চাইলে এসআই নাজমুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা হবে। তবে উদ্ধার করা শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তে না নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।


শেয়ার করুন

এই সম্পর্কিত