ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

শেয়ার করুন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভায় এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা অংশ নেন। এ সময় সিটি নির্বাচনকে কেন্দ্র করে মহানগর পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই এবং ওয়ার্ডভিত্তিক সংগঠন আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

নাহিদ ইসলাম নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের স্থানীয় নাগরিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের পাশে থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে ওয়ার্ড পর্যায়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। মহানগরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপি সূত্রে জানা গেছে, আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে মহানগরের ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বাড়ানো হচ্ছে। স্থানীয় সমস্যা নিয়ে কাজ করার পাশাপাশি সম্ভাব্য প্রার্থী বাছাই ও তৃণমূল সংগঠন শক্তিশালী করার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।


শেয়ার করুন

এই সম্পর্কিত