ইরানি প্রতিনিধি দলকে নিউইয়র্ক ছাড়তে বলেছিলেন রুবিও
জাতিসংঘের অধিবেশন চলাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলকে সোমবার নিউইয়র্ক ছাড়ার নির্দেশ দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস একজন মার্কিন কর্মকর্তা ও অপর একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশনের মাধ্যমে রুবিওর এই বার্তা সরাসরি ইরানি প্রতিনিধি দলের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে, আরাঘচির নিউইয়র্ক থেকে ফেরার ফ্লাইটটি সোমবার সন্ধ্যায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দোহার উদ্দেশে ছেড়ে আসে। অ্যাক্সিওস বলছে, আব্বাস আরাঘচিসহ ইরানি প্রতিনিধি দল নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরই বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় এবং সোমবার রাতে নিউইয়র্ক থেকে দোহাগামী বিমানটি ছেড়ে যায়। দ্বিতীয় আরেকটি সূত্রও ইরানি প্রতিনিধি দলকে নিউইয়র্ক ছেড়ে যেতে বলার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে নিউইয়র্ক থেকে ইরানি প্রতিনিধি দলকে বহিষ্কারের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরান। এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘে ইরানের মিশন বলেছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইরানি প্রতিনিধি দল সোমবার নিউইয়র্ক ত্যাগ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো ফল অর্জন করতে না পেরে ভিত্তিহীন সংবাদ প্রকাশের আশ্রয় নিয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সাত দিনের একটি প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ থাকা ইরানি সম্পদ ছাড়ের মতো পদক্ষেপের বিনিময়ে প্রণালিটিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর কথা বলা হয়েছে।
ইরানকে ফের ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি বা সমঝোতা প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানকে ‘উড়িয়ে দিতে পারে’। ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তটি ইরানকেই নিতে হবে। হয় তারা নতি স্বীকার করে কোনো চুক্তিতে পৌঁছাবে, অথবা ধ্বংসের মুখে পড়বে। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। যে কোনো উপায়েই হোক এই সংঘাত খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
তেহরানের কাছে বোমা হামলার পরিকল্পনা, ৬ সন্ত্রাসী নিহত
তেহরানের নিকটবর্তী অঞ্চলে হামলার পরিকল্পনা করার অভিযোগে পরিচালিত একটি অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সদস্যরা তেহরান প্রদেশের মানজিলাবাদ এলাকায় একটি বাড়িতে অভিযান চালান। রাজধানী থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির ঘটনায় ইরানের হাত রয়েছে, দাবি যুক্তরাজ্যের
যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের নিরাপত্তা-সংক্রান্ত একটি ঘটনার সঙ্গে ইরানের ভূমিকা রয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সরকার। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, তাঁর সরকারের কাছে জোরালো ইঙ্গিত রয়েছে, এই ঘটনার পেছনে কোনো না কোনোভাবে তেহরানের হাত ছিল।
