প্রাথমিকের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত, প্রজ্ঞাপন জারি

শেয়ার করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ ডিসেম্বর থেকে দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন শিক্ষকরা।

গত ১৫ ডিসেম্বর সই করা প্রজ্ঞাপনটি আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড ১১ (স্কেল ১২৫০০-৩০২৩০) থেকে দশম গ্রেড (স্কেল ১৬০০০-৩৮৬৪০) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হলো।

১৫ ডিসেম্বর থেকে প্রাপ্য নতুন গ্রেডের বেতন পরবর্তী মাসে জানুয়ারিতে যুক্ত হবে।

এখন প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা দিয়ে, যার সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা। এত দিন প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে বেতন পেতেন। এই গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা দিয়ে। এর সর্বোচ্চ ধাপ ৩০ হাজার ২৩০ টাকা।

সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম থেকে বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি অনুযায়ী অর্থ বিভাগ সম্মতিজ্ঞাপন করে।


শেয়ার করুন

এই সম্পর্কিত