গাছকাণ্ডে পদ স্থগিত হওয়া মিঠামইন বিএনপির সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বেড়িবাঁধে রোপণ করা গাছ কেটে ফেলার মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জাহিদুল আলম জাহাঙ্গীর মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কাটার অভিযোগে তার পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের কামালপুর এলাকায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নদীভাঙন ঠেকাতে বেড়িবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসাবে ওই এলাকার বেড়িবাঁধে মেহগনি গাছ রোপন করা হয়। দীর্ঘদিন ধরে মেহগনি গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের ওপর দিয়েই যেতে হয়। তার ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে কিছুটা অসুবিধা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু হয়। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি মেহগনি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এই ঘটনায় মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে আঙ্গুর মিয়া নামে এক গাছ কাটা শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহর থেকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কাটার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে।
