ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

শেয়ার করুন

ইরান ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে নানামুখী আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন উপদেষ্টা তাকে এই যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন।

দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় তারা এই তাগিদ দিচ্ছেন।

উপদেষ্টাদের মতে, ইরানের বিরুদ্ধে এই অভিযানের প্রাথমিক ও মূল উদ্দেশ্যগুলো ইতিমধ্যে অর্জিত হয়েছে। তাই সংঘাত আর দীর্ঘায়িত না করে একটি সম্মানজনক প্রস্থানের পথ তৈরি করা প্রয়োজন। গত সোমবার খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযান শিগগিরই সম্পন্ন হবে।

তবে উপদেষ্টাদের এই অবস্থানের বিপরীতে ভিন্ন সুরও পাওয়া যাচ্ছে ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে। এক উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তেহরান যতদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের হামলা অব্যাহত রাখবে এবং ইসরায়েল যতদিন ইরানের নিশানায় আঘাত হানতে প্রস্তুত থাকবে, তত দিন এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সহজে বেরিয়ে আসার সম্ভাবনা ক্ষীণ।

ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, নিজের মনমতো পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থামানোর পক্ষে নন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তীব্র সামরিক চাপের মুখেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দেওয়া শর্তগুলো মেনে নিতে ইরানের অনীহা দেখে ট্রাম্প কিছুটা বিস্মিত হয়েছেন। ফলে যুদ্ধ শেষ করার ইচ্ছা থাকলেও মাঠের বাস্তবতায় এখনই তার সমাধান দেখছে না হোয়াইট হাউস।


শেয়ার করুন

এই সম্পর্কিত