ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে।
সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ফলপ্রসু আলোচনা হওয়ায় তিনি সেনাবাহিনীকে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেবেন।
ট্রাম্প শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল নিরাপদ না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে।
এদিকে বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি প্রায় বন্ধ করে দিয়েছে তারা।
ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়ায়। কখনও কখনও তা যুদ্ধের আগের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছে।
