ইটনায় হাওরের নির্জন ঘর থেকে কৃষকের লাশ উদ্ধার

শেয়ার করুন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরের নির্জন ঘর থেকে সালেক মিয়া (৫০) নামে এক জিরাতি (বর্গাচাষি) কৃষকের লাশ উদ্ধার হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে ইটনা উপজেলার বরইবাড়ি হাওর এলাকায় ধানের জমির মধ্যে নির্মিত একটি নির্জন কুঁড়েঘরে তার লাশের সন্ধান পায় পরিবার।

নিহত সালেক মিয়া (৫০) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের বাসিন্দা এবং সেখানে অন্যের ধানের জমির জিরাতি (বর্গাচাষি) হিসেবে একটি কুঁড়েঘরে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার বরইবাড়ি হাওর এলাকায় ধানের জমির মধ্যে নির্মিত একটি নির্জন কুঁড়েঘরে থেকে জিরাতি (বর্গাচাষি) হিসেবে বসবাস করে আসছিলেন। সোমবার (৩০ মার্চ) সকালে সেখানে এক কৃষক জমিতে ঘাস কাটতে যান। পরে দেখতে পান ঘরের দরজার সামনে একজন ব্যক্তি উল্টো অবস্থায় পড়ে আছে। বিষয়টি জানাজানির পর সেখানে স্থানীয় লোকজন যান। স্থানীয় লোকজন দেখতে পান, তার হাতে একটি মোবাইল ফোন শক্ত করে ধরা ছিল। স্থানীয় কয়েকজন ওই মোবাইল ফোন থেকে প্রথম সংরক্ষিত নম্বরে কল করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সালেক মিয়ার লাশ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যান।

এদিকে মৃত্যুকালে সালেক মিয়া চার সন্তান রেখে গেছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


শেয়ার করুন

এই সম্পর্কিত