বগুড়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

ফাইল ফটো।
শেয়ার করুন

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে রবিন হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। রোববার রাত ১০টার দিকে শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিন পেশায় একজন ফল ব্যবসায়ী ও শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে। এর আগেও তাকে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে। নিহত রবিনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি ও নারী নির্যাতন আইনে মোট চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকার একটি কবরস্থানে আতা ফল পাড়া নিয়ে কয়েকজনের সঙ্গে রবিনের কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রাত ১০টার দিকে ৪ থেকে ৫ জন যুবক তাকে কবরস্থানের পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। এর পর সেখানে তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও জানা যায়, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে উত্তর চেলোপাড়া ও নারুলী এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে রবিনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমাস আলী জানান, নিহত ব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ভাঙা হকিস্টিকের অংশ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত