কিশোরগঞ্জে আ.লীগ নেতা ছেলের মৃত্যুর খবর শুনে মায়েরও মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর খবর সহ্য করতে না পেরে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে শোকে মারা যান তার মা জুবাইদা মনি (৮০)।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার রায়খলা গ্রামে।
শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান ছেলে আলতাফ উদ্দিন শাহীন। এরপর ছেলের মৃত্যুর খবর পেয়ে রোববার (২৬ এপ্রিল) ভোরে কটিয়াদীর গ্রামে মারা যান মা।
মৃত আলতাফ উদ্দিন শাহীন (৫৩) কটিয়াদী উপজেলার ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের পরিবারের লোকজন জানান, শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ উদ্দিন শাহীন। তাৎক্ষণিকভাবে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের লোকজন আরও জানান, মা জুবাইদা মনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শাহীনকে খুব ভালোবাসতেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে সে গাজীপুরে থাকলেও মাকে দেখতে প্রায়ই বাড়িতে আসতেন। ছেলের প্রতি তার গভীর টান ছিল। হয়তো সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।
এমন হৃদয় বিদারক ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
