অচেতন অবস্থায় শিবিরের কেন্দ্রীয় নেতা উদ্ধার

শেয়ার করুন

নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত পৌনে ১০টার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার জংশন রোডে সহকারী পুলিশ সুপারের (লাকসাম সার্কেল) কার্যালয়ের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই নেতার নাম জিসান প্রধান। তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে জিসান প্রধান জংশন রোডের পাশে একটি কনফেকশনারি দোকানে যান। সেখানে গিয়ে তিনি জরুরি আলাপের জন্য দোকানদারের কাছে একটি মোবাইল ফোন চান। দোকানদার ফোন দিতে অপারগতা প্রকাশ করলে, সড়কে চলাচলরত এক রিকশাচালকের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে তিনি পরিচিত একটি নম্বরে প্রায় এক মিনিট কথা বলেন। ফোনালাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় জামায়াত নেতা অ্যাডভোকেট বডিউল আলম সুজন ও আবু বক্করসহ দলীয় নেতাকর্মীরা। তারা দ্রুত তাকে উদ্ধার করে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য জিসানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল রাফি জানান, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দিচ্ছেন।

এর আগে, বৃহস্পতিবার (১১ জুন) রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসান প্রধান নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবার দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। অবশেষে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর তাকে লাকসামে অচেতন অবস্থায় পাওয়া গেল।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলি বলেন, ‘স্থানীয় লোকজন জিসান প্রধানকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমিও হাসপাতালে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। তিনি কীভাবে লাকসামে এলেন, তার সঙ্গে কী ঘটনা ঘটেছে, এসব বিষয় নিয়ে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’


শেয়ার করুন

এই সম্পর্কিত