কালীগঞ্জে ৩৫ হাজার ৯০২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

শেয়ার করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত রোগ প্রতিরোধে এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সভায় ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ। এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জিসেলী ঘোষ মুনমুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছর কালীগঞ্জ উপজেলায় মোট ৩৫ হাজার ৯০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৬৪৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ২৫৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন উপলক্ষে উপজেলায় ১৯২টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কালীগঞ্জ উপজেলায় শতভাগ সফল হবে।


শেয়ার করুন

এই সম্পর্কিত