কয়রায় প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী

শেয়ার করুন

খুলনার কয়রায় প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ সফর করেছেন। যুবকদের স্বেচ্ছাসেবী কার্যক্রম, ম্যানগ্রোভ বনায়ন, বাঘবিধবা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যুবকদের দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ে মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) কয়রা উপজেলা প্রশাসন ও খুলনা জেলা প্রশাসনের সমন্বয়ে এবং স্বেচ্ছাসেবী সংগঠন গিভ বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে এ সফর অনুষ্ঠিত হয়।

সফরসূচির অংশ হিসেবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের স্থান পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সাইয়েদ বিন আব্দুল্লাহ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং পরিবেশ রক্ষায় যুবকদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত তিনি বাঘবিধবা পরিবারের বাড়ি পরিদর্শন করেন। এ সময় একটি পরিবারকে জীবিকা সহায়তার অংশ হিসেবে একটি গাভী প্রদান করা হয়।

বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কয়রায় বাঘবিধবাদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে বাঘের আক্রমণে স্বজন হারানো নারীদের জীবনসংগ্রাম, জীবিকা উন্নয়ন, সহায়তা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ কার্যক্রমে বর্তমানে ৮ জন বাঘবিধবা সহায়তা পেয়েছেন এবং আরও ৮ জন সহায়তার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

সফরে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।

স্থানীয়রা আশা করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুন্দরবন উপকূলের বাঘবিধবা পরিবার ও যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।


শেয়ার করুন

এই সম্পর্কিত