কলাপাড়ায় কোটি টাকা নিয়ে উধাও আল-আরাফাহ ইসলামি ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ
পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার মো. রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনায় উপজেলার নিলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে সোমবার বেলা এগারোটায় ব্যাংক ঘেরাউ করে বিক্ষোভ করেছে ভূক্তভোগী গ্রাহকরা। এময় তারা মানবন্ধন কর্মসূচিও পালন করেন। শুধু গ্রাহকই নয় বাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার একাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়ে গেছে রিয়াদ।
ভূক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, টাকা গ্রহনের পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌছালে সার্ভারে সমস্যা বলে তিনি এড়িয়ে যান। পরে তার আত্মসাতের বিষয়ে এজেন্ট ও গ্রাহকদের নজরে আসলে তিনি উধাও হন।
ব্যাংকটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভূক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। সে আমার মাদার একাউন্ট থেকেও দশলক্ষ টাকা নিয়ে গেছে।
এ বিষয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
