দুর্দান্ত প্রত্যাবর্তন: জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

শেয়ার করুন

প্রথমার্ধের স্তব্ধতা কাটিয়ে দ্বিতীয়ার্ধের দুর্দান্ত প্রত্যাবর্তন করলো ব্রাজিল। শেষ মুহূর্তের রোমাঞ্চে জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট পেলো সেলেসাওরা। কার্লো আনচেলোত্তির মাস্টারক্লাস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ইনজুরি টাইমের জয়সূচক গোলে উল্লাসে মাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বল পজিশন ধরে রেখে আক্রমণ চালায় ব্রাজিল। তবে ম্যাচের ২৯ মিনিটে সবাইকে চমকে দিয়ে লিড নেয় জাপান। কাসেমিরোকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে বল জালে জড়ান সামুরাইদের কাইশু সানো। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিলের খেলায় গতি ফেরাতে দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস পাকেতাকে উঠিয়ে তরুণ এন্ড্রিককে মাঠে নামান আনচেলোত্তি।

কৌশল বদলের ফল মেলে ৫৫ মিনিটে। গ্যাব্রিয়েল মাগালায়েসের চমৎকার চিপ থেকে বক্সে ভেসে আসা বলে নিখুঁত হেডে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো। এর ঠিক পরেই ভিনিসিয়ুসের একটি শট পোস্টে লেগে ফিরে এলে লিড নেয়া থেকে বঞ্চিত হয় ব্রাজিল। শেষভাগে এসে জাপানের রক্ষণাত্মক দেয়ালে একের পর এক আক্রমণ চালাতে থাকে ব্রাজিল।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়াচ্ছিল। ঠিক তখনই, ৯৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ব্রুনো গিমারায়েসের পাস থেকে বক্সের ভেতর বল পান বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ঠান্ডা মাথায় দারুণ এক প্লেসিং শটে জাপানের জাল কাঁপিয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন এই আর্সেনাল ফরোয়ার্ড। এই জয়ে শেষ ১৬-তে পা রাখলো ব্রাজিল। টানা নবমবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরি কোস্ট।


শেয়ার করুন

এই সম্পর্কিত