কিশোরগঞ্জে সাদেক হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
কিশোরগঞ্জে সাদেক মিয়া হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আল মামুন এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামের মৃত লাল মিয়ার বড় ছেলে রমজান মিয়া (৩৮) ও ছোট ছেলে ইয়াসিন মিয়া (৩২)।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন-মো. আব্দুল কাদির মিয়া, শাহানা আক্তার, আল-আমিন ও মোহাম্মদ আলী।
অন্যদিকে হত্যাকাণ্ডের শিকার সাদেক মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী গ্রামের শাহবাড়ির মৃত আব্দুর রাশিদ মেম্বারের ছেলে।
মামলার এজাহারের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সাদেক মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন আসামি মোহাম্মদ আলী। ওই টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ২০১৮ সালের ৬ ডিসেম্বর বিকেলে হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদী এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সাদেক মিয়াকে ডেকে নিয়ে বেধরক মারধর করেন আসামিরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই বছরের ৮ ডিসেম্বর নিহত সাদেক মিয়ার বড় ভাই কাঞ্চন মিয়া বাদী হয়ে নয়জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ছয়জন আসামিকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন হোসেনপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মামলার সাক্ষ্য ও শুনানি শেষে সোমবার (১০ আগস্ট) দুপুরে আদালতে এই রায় দেন বিচারক মোহাম্মদ আল মামুন।
কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাডভোকেট মো. শাহ কামাল মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
