কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে হানিফ মিয়া (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে| এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে|
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ফরিদপুর এলাকায় ফসলি জমি থেকে হানিফ মিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ|
নিহত হানিফ মিয়া (৩৫) উপজেলার ফরিদপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে|
আটকরা হলেন-ওই এলাকার অভিযুক্ত জাকির হোসেনের বাবা লস্কর মিয়া (৭৫), হোসেন বেপারি ছেলে আয়াতুল্লাহ (৩২), জাকিরের মা হেলেনা বেগম (৬০), জাকিরের স্ত্রী খুকি বেগম (৫০), রাসেলের স্ত্রী নাদিয়া আক্তার (২৩)| তবে মূল অভিযুক্ত জাকির হোসেনকে আটক করতে পারেনি পুলিশ|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে হানিফ মিয়াকে ওই এলাকার জাকির হোসেন নামের এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতন চালায়| এক পর্যায়ে হানিফ মিয়ার মৃত্যু হলে ফরিদপুর এলাকায় ফসলি জমিতে তার লাশ ফেলে রাখে হত্যাকারীরা। বৃহস্পতিবার (১৪ মে) সকালে হানিফ মিয়ার লাশ দেখতে পান স্থানীয় লোকজন| পরে বিষয়টি পুলিশকে জানানো হয়| খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে হানিফ মিয়ার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়|
এদিকে কাঠ ব্যবসায়ী হানিফকে হত্যার ঘটনা এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার (১৪ মে) সকালে এলাকাবাসী জড়ো হয়ে জাকির হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়|
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, নিহত কাঠ ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে| লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
