কিশোরগঞ্জে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী গ্রামের কিশোরগঞ্জ-নিকলী সড়কে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, অটোরিকশার ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে পাশ্ববর্তী কটিয়াদী উপজেলার রায়খলা গ্রামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে দানাপাটুলী গ্রামে হামলা চালায়| এই সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করা হয়।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে রায়খলা গ্রামের কিছু লোক দানাপাটুলী গ্রামের বাসিন্দাদের ওপর হামলা, ভাঙচুর ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-স্থানীয় দানাপাটুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ, দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল মাহমুদ, সাবেক চেয়ারম্যান মরহুম ওমর সিদ্দিকের সহোদর ভাই ফেরদৌস আলম, ইউপি সদস্য আমীর হোসেন, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান, আলীমুল রমজান শামীম, গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, দানাপাটুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহান সানাউল্লাহ, আল আমিন, বকুল মিয়া ও মোশাররফসহ আরও অনেকেই।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে রায়খলা গ্রামের চিহ্নিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
