প্যারাগুয়ের আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
বিশ্বকাপের মঞ্চে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেল প্যারাগুয়ে। খেলার মাত্র সাড়ে ৬ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে দলকে পিছিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দিলান বোবাদিল্লা। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের আক্রমণের চাপ সামলাতে গিয়ে ডিফেন্সে বিভ্রান্তির সুযোগে বল নিজের জালেই জড়িয়ে ফেলেন তিনি।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামার অল্প সময়ের মধ্যে ১-০ গোলে এগিয়ে গেল সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। খেলার সাড়ে ৬ মিনিটে মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি দারুণ এক আক্রমণ বুক করে বল বাড়িয়ে দেন অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিকের দিকে।
দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পুলিসিক যখন ডি-বক্সের ভেতর আবার ম্যাককেনিকে পাস দিতে যান, তখন তা ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার দিলান বোবাদিল্লা নিজেদের জালেই বল জড়িয়ে দেন।
এই অনাকাঙ্ক্ষিত গোলে শুরুতেই লিড পেয়ে যায় প্রতিপক্ষ দল যুক্তরাষ্ট্র। আর চাপে পড়ে যায় প্যারাগুয়ে। গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে দক্ষিণ আমেরিকার দলটি।
বোবাদিল্লা সাধারণত মাঝমাঠে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এদিনের এই দুর্ভাগ্যজনক মুহূর্ত তার জন্য যেমন হতাশার, তেমনি দলের জন্যও বড় ধাক্কা হয়ে আসে।
