করিমগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই খুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির সন্দেহে ফুফাতো ভাই সীমান্তের ছুরিকাঘাতে মামাতো ভাই অপু (১৪) খুন হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত অপু (১৪) উপজেলার সাঁতারপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত সীমান্ত (১৫) একই গ্রামের মাহবুব আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সীমান্ত এর একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় অপু মোবাইল ফোন নিয়েছে বলে সন্দেহ করা হয়। এই নিয়ে এলাকায় স্থানীয়ভাবে একটি সালিস বৈঠকও হয়। সালিস বৈঠকে অপুর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়। এরপর থেকে সালিসের রায় মেনে নিতে পারেনি সীমান্ত। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সাঁতারপুর গ্রামের একটি সেতুর কাছে অপুকে ডেকে আনে সীমান্ত। সেখানে হারানো মোবাইল ফোন নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সীমান্ত ধারালো ছুরি দিয়ে অপুকে পেটে আঘাত করে। এই সময় রক্তাক্ত অবস্থায় অপু চিৎকার শুরু করে এবং তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে সীমান্তকে ধাওয়া দিয়ে আটক করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অপুকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই প্রসঙ্গে করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা জানান, হত্যাকাণ্ডে জড়িত সীমান্তকে আটক করে থানায় আনা হয়েছে। নিহত অপুর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
