কিশোরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন
কিশোরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (২৬ জুন) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ।
এদিন সকালে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও এই দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন তাঁর বক্তব্যে মাদক নির্মূলে জেলা প্রশাসনের কঠোর অবস্থান ব্যক্ত করে উপস্থিতির উদ্দেশ্যে সন্তানের প্রতি পরিবারের যত্নশীল হওয়া, ধর্মীয় মূল্যবোধের যথাযথ চর্চা, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে শিক্ষক ও পরিবারের ভূমিকা, মাদকগ্রহীতাদের কার্যকর পুনর্বাসন প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন। সেই সঙ্গে তিনি মাদক নির্মূলে সকলের ঐকান্তিক সহযোগিতার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. এরশাদুল আহমেদ, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ নানান শ্রেণী-পেশার মানুষ।
