কিশোরগঞ্জে দুইদিন পর পানিতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক ও কৃষকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের নিকলী ও পাকুন্দিয়া উপজেলায় পানিতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক ও কৃষকের লাশ উদ্ধ্বার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
রোববার (১২ জুলাই) সকালে নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদী ও পাকুন্দিয়া উপজেলার পার্শ্ববর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদের বরমী এলাকা থেকে তাদের লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম তুলু (২৮) এবং কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে সিরাজ মোড়ল (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে পর্যটকবাহী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এই সময় শফিকুল ইসলাম তুলুসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে শফিকুল ইসলাম তুলু পানিতে তলিয়ে যান। তার সঙ্গীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে দীর্ঘ ৪০ ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর রোববার (১২ জুলাই) সকালে ঘোড়াউত্রা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদিকে গত শুক্রবার (১০ জুলাই) সকালে পাকুন্দিয়া উপজেলায় ছোট নৌকা দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কেটে ফেরার পথে নৌকাডুবে নিখোঁজ হন কৃষক সিরাজ মোড়ল (৪৫)। নৌকাডুবির দুই দিন পর রোববার (১২ জুলাই) সকাল ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদের বরমী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
