শিক্ষামন্ত্রী পদত্যাগ করতেই ‘কান ধরে ওঠবোস’ সোনাক্ষীর!

শেয়ার করুন

নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে প্রাণ গিয়েছে একাধিক পড়ুয়ার। এর পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে পথে নামেন পড়ুয়ারা। তাঁদের সঙ্গে অনশনে বসেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সংসদ অভিযান চালায় প্রতিবাদী পড়ুয়ারা। যদিও এই আন্দোলন শুরু হয়েছিল ৩৭ দিন আগে। সেই সময় যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের নিয়ে নীরব ছিল বলিউডের একটা বড় অংশ। কিন্তু অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা হাতে গোনা তারকাদের অন্যতম, যাঁরা এই আন্দোলনে পড়ুয়াদের সমর্থন জানিয়েছিলেন। আন্দোলনের চাপে শেষপর্যন্ত শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র। এর পরেই জ়েন জ়ি-দের কাছে কী কারণে ক্ষমা চাইলেন অভিনেত্রী সোনাক্ষী?

সোনাক্ষী কোনও অনুশোচনা থেকে ক্ষমা চেয়েছেন, তেমনটা নয়। বরং তিনি নতুন প্রজন্মের কাছে হার স্বীকার করে তাদের আরও বেশি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সোনাক্ষী একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে শিক্ষামন্ত্রীর ইস্তফার খবরে উল্লাস প্রকাশ করে বলেন, ‘‘আসলে জ়েন জ়ি-রাই শিল্পী। তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়, তোমরা কী করে দেখিয়েছ। আমি ভাবতাম এরা চার ঘণ্টার বেশি কাজ করতে পারে না। একটুতেই কাহিল হয়ে যায়। খানিক নিচু চোখেই দেখছি। কিন্তু তোমরা আজ করে দেখালে, অভিনন্দন। আমি তোমাদের মতো হতে চাই। তোমরা অবিশ্বাস্য!’’

ক্ষমা চাইলেন সোনাক্ষী সিন্‌হা।

এই প্রতিবাদ আন্দোলন চলাকালীনই মুখ খুলতে শুরু করেন সোনাক্ষী। অভিনেত্রী জানান, তিনি দেশের ভাল চান। তিনি কোনও ভাবেই ‘দেশবিরোধী’ নন। তাই তিনি এই বিষয়ে আর নীরব থাকতে পারছেন না। সেই তিনি স্পষ্ট করে জানান, তিনি সোনম ওয়াংচুককে অনশন ভাঙার কথা বলবেন না। তাঁর প্রশ্ন, “কবে ওঁর কথা শোনা হবে? মানুষটা মারা যাওয়ার পর কি সকলে নড়েচড়ে বসবেন? তখন তার দায়িত্ব কে নেবে? যা হচ্ছে, তা মোটেই ঠিক হচ্ছে না। এই কথাটাই বলতে চেয়েছিলাম।” সোনাক্ষী খোলাখুলি মন্তব্য করায় তাঁর প্রশংসা করেছেন অনুরাগীরা। এমন প্রতিবাদকে সমর্থন করার জন্য মেয়ের জন্য গর্ব অনুভব করেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিন্‌হা।


শেয়ার করুন

এই সম্পর্কিত