পাকুন্দিয়ায় বাস চাপায় অটোরকশার দুই যাত্রী নিহত

শেয়ার করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বেপরোয়া গতির বাসের চাপায় অটোরকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকালে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বাহাদিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. সেলিম মিয়া (৪৫) এবং একই উপজেলার চরফরাদী ইউনিয়নের বর্ষাগাতি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মো. উজ্জ্বল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ আগস্ট) ভোর সকালে উপজেলার মির্জাপুর থেকে পাকুন্দিয়া মৌসুমি সিনেমা হলের সামনে যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী বেপরোয়া গতির একটি অনন্যা পরিবহন বাস বরাটিয়া বাজার চৌরাস্তা বাজারে অটোরিকশাটিকে পিছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচরে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মো. সেলিম মিয়া (৪৫) মারা যান। ঘটনার পর পরই স্থানীয় লোকজন অটোরিকশা চালক ছোটনসহ ৩ জনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকেই কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. উজ্জ্বল মারা যান। অটোরিকশা চালক ছোটনসহ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত