রোববার কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী
আগামী রোববার (১৬ আগস্ট) একদিনের সফরে কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলাসহ জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ।
প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা থেকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছাবেন এবং সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর দুপুর ১২টায় তিনি কটিয়াদী উপজেলার উদ্দেশে রওনা দেবেন। কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পৌঁছানোর পর দুপুর ১২টা ৩০ মিনিটে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর তিনি দুপুর ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশে রওনা দেবেন এবং দুপুর ১টায় সেখানে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর সেখান থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পৌঁছানোর পর দুপুর আড়াইটায় তিনি সেখানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন তিনি। এরপর বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
