‘দ্বৈত নাগরিকত্ব’ প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন, ‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
শেয়ার করুন

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, এমন এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছেন, এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকরা তাকে বলেন যে তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আলোচনা উঠেছে এবং বিষয়টি গণমাধ্যমেও এসেছে। নেটিজেনরা এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, কোথাও কোথাও নিউজও হয়েছে বলে সাংবাদিকরা তাকে জানান।

এ বিষয়ে তার বক্তব্য কী, জানতে চাইলে তিনি হ্যাঁ বা নাসূচক কোনো উত্তর না দিয়ে বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা যে মানে কাজ করতে দেবে না, হ্যাঁ? তো তার জ্বালা কেন হচ্ছে? ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন -ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?’

“আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশের মিনিস্টারের… বাংলাদেশি। আমি মনে করি না এমন কেউ আছে, যে আমার বাংলাদেশিজম বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে, এখানে এসে বাংলাদেশের জন্য কাজ তো কোনো সুবিধাবাদী লোক আর করবে না,” যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি আরও জানান, “দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়াসহ দেশপ্রেমিক মানুষ যারা আছি, দেশের পক্ষে যারা আছি, সমস্ত মিডিয়া-দেশবাসী-রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছি…সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।”

এসময় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হতে চাওয়া প্রসঙ্গেও তিনি বলেন, “মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। তো মানে ওখানে…মিডিল ইস্টে একটা…মানে যদি ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্টও হয়, তাহলে ওখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। দেখা যাক কি হয়।”

শেয়ার করুন, ‘দ্বৈত নাগরিকত্ব’ প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন, ‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’


শেয়ার করুন

এই সম্পর্কিত